রেলের পর এবার বিমান পরিষেবার দাবিতে সরব সুকান্ত মজুমদার।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদার। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগের পর এবার জেলার দীর্ঘদিনের স্বপ্ন বিমান পরিষেবা চালুর লক্ষ্যে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল তাঁকে।
সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ড. সুকান্ত মজুমদার। বৈঠকে বালুরঘাট বিমানবন্দর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিমান পরিষেবা চালুর বিষয়টি বিশেষভাবে উত্থাপন করেন তিনি।
বিধানসভা নির্বাচনের আগে জেলার উন্নয়ন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন সুকান্ত মজুমদার। সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেন। এবার জেলার আরেক গুরুত্বপূর্ণ দাবি বিমান পরিষেবা চালুর ক্ষেত্রেও কেন্দ্রের দরবারে সরব হলেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বালুরঘাটে বিমান পরিষেবা চালুর দাবি উঠলেও তৎকালীন তৃণমূল সরকার সেই বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে পারেনি। ফলে জেলার মানুষের বহু বছরের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। তবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবার সরাসরি উদ্যোগী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
বৈঠকের পর সুকান্ত মজুমদার জানিয়েছেন, বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালুর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে এবং অচিরেই এ বিষয়ে সুখবর মিলতে পারে। তাঁর এই উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নের নতুন দিগন্ত খুলবে বলেই আশাবাদী জেলার মানুষ।

