মদ পাচারের অভিযোগে আটক ব্যক্তি, তদন্ত শুরু পুলিশের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ-এর নেতৃত্বে বেআইনি মদ বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ।গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার এএসআই সঞ্জয় বাহাদুর ছেত্রী পুলিশ বাহিনী নিয়ে থানার অন্তর্গত সালালপুর গ্রামে অভিযান চালায়।অভিযানে লক্ষ্মণপুর জাবরা এলাকার বাসিন্দা বিনয় দাস বয়স (৪২)-কে গ্রেফতার করা হয়।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয় ৯০ বোতল হেওয়ার্ডস ৫০০০ বিয়ার, ১৫ বোতল হিমালয়ান ফাটা ফাটি আইএমএফএল, ৩৩ বোতল বাজিগর ৭০ আপ আইএমএফএল এবং একটি নাইলনের ব্যাগ। বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ জানান,বেআইনি মদ বিক্রি ও পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে।গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে।বেআইনি কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

