বালুরঘাটে সাংবাদিক বৈঠক, শান্তি বজায় রাখতে সতর্ক জেলা প্রশাসন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোট মিটতেই সম্ভাব্য অশান্তি ঠেকাতে তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। বুধবার সকালে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট বার্তা দিল প্রশাসন— কোনওভাবেই বরদাস্ত করা হবে না ভোট-পরবর্তী হিংসা।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক বালা সুব্রামানিয়ান টি, পুলিশ সুপার চিন্ময় মিত্তল এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক নীতিন গুপ্তা। প্রথমেই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জেলার বাসিন্দাদের ধন্যবাদ জানান জেলাশাসক। এরপরই তিনি জানান, ভোট-পরবর্তী সময়ে যাতে কোনও অশান্তি না ছড়ায়, সে বিষয়ে প্রশাসন সম্পূর্ণ সজাগ।
জেলাশাসক স্পষ্ট করে বলেন, কোনও রাজনৈতিক দল যদি বিজয় উৎসব করতে চায়, তবে পুলিশি অনুমতি বাধ্যতামূলক। একই সঙ্গে হুঁশিয়ারি— হিংসার কোনও ঘটনা ঘটলে, দলমত নির্বিশেষে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানান, ইতিমধ্যেই কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর মিলেছে। সেই সব ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিয়ে ৩০ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কথায়, “আইন নিজের পথে চলবে, সেখানে কোনও রাজনৈতিক রং দেখা হবে না।”
তিনি আরও জানান, জেলায় এখনও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের বার্তা স্পষ্ট— ভোট মিটলেও নজরদারিতে কোনও ঢিলেমি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *