রঙের উৎসবে অভিনব চমক, ফালাকাটায় ত্রিশূল আকৃতির পিচকারি বাজারে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :-সামনেই রঙের উৎসব। আনন্দ আর উচ্ছ্বাসে রঙিন হতে চলেছে চারপাশ। আর সেই আবহেই এবছর ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজারে দেখা মিলেছে অভিনব চমকের ‘ত্রিশূল পিচকারি’। শুনতে খানিকটা অবাক লাগলেও, হোলির আনন্দে নতুন মাত্রা যোগ করতেই বাজারে এসেছে এই বিশেষ আকর্ষণ। আগামী ৩ তারিখ দোল উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই জমে উঠেছে জটেশ্বরের হোলির বাজার। রঙ, আবির, পাশাপাশি চোখে পড়ছে বড় আকৃতির রঙিন চশমা, নানারকম মুখোশ ও বিভিন্ন ডিজাইনের পিচকারি। তবে সবার নজর কেড়েছে ত্রিশূল আকৃতির এই অভিনব পিচকারি। দেখতে আকর্ষণীয়, ব্যবহারেও সহজ এমনটাই দাবি বিক্রেতাদের। তাঁদের কথায় , “প্রতিবছর নতুন কিছু আনার চেষ্টা করি। এবছর ত্রিশূল পিচকারি বাজারে এনেছি বিশেষ আকর্ষণ হিসেবে। দামও নাগালের মধ্যেই প্রতি পিস ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে।” ফলে নতুনত্বের স্বাদ নিতে ক্রেতাদেরও ভিড় বাড়ছে দোকানে।
এদিন বাজারে আসা ক্রেতাদের অনেকেই বলছেন, এবছর একটু আলাদা কিছু পাওয়ায় উৎসবের আনন্দ যেন আরও বেড়ে গেছে। বিশেষ করে তরুণ-তরুণী ও যুব সমাজের মধ্যে এই নতুন পিচকারি নিয়ে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সব মিলিয়ে, এবছর জটেশ্বরের হোলি শুধু রঙে নয়, ভাবনাতেও আলাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *