আবুল কালাম আজাদ হত্যা মামলায় ছয়জন গ্রেফতার, ধৃত রুবেলকে আদালতে পেশ।

নিজস্ব সংবাদদাতা, মালদা— মালদার তৃণমূল নেতা তথা জমি ব্যবসায়ী আবুল কালাম আজাদ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত রুবেল সেখ কে গ্রেফতার করল ইংরেজবাজার পুলিশ। পলাতক রুবেল সেখ কে হুগলির গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে। আগেই এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয় রুবেলের বাবা তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য মাইনুল শেখকে। এনিয়ে ওই খুনের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করল পুলিশ। উল্লেখ্য, গত ১০ জুলাই রাতে মালদহের ইংরেজবাজারের লক্ষ্মীপুরে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী তথা জমি ব্যবসায়ী আবুল কালাম আজাদকে। আত্মীয়ের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসে খুন হয় মালদহের মানিকচকের গোপালপুরের বাসিন্দা আবুল কালাম আজাদ। ওই ঘটনায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মাইনুল সেখ, তার ছেলে রুবেল শেখ ও দলবলের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। পুলিশি তদন্তে উঠে আসে মাইনুল এর ছেলে রুবেলের একসময়ের বান্ধবী শিউলি খাতুনকে আবুল কালাম আজাদ দ্বিতীয় বিয়ে করার ঘটনায় তাঁকে টার্গেট করা হয়। এছাড়া খুনের নেপথ্যে জমি ব্যবসা সংক্রান্ত রেষারেষির তথ্যও উঠে আসে।খুনের ঘটনার পর তৃণমূল পঞ্চায়েত সদস্য মাইনুল সহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করলেও এতদিন বেপাত্তা ছিল খুনের অন্যতম অভিযুক্ত রুবেল। অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধৃত রুবেল শেখকে আজ মালদা জেলা আদালতে তোলে পুলিশ। তার বিরুদ্ধে খুন ছাড়াও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *