সামসেরগঞ্জের বাবুপুর এবং আলমসাহিতে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- আবারো সামসেরগঞ্জে তাজা বোমা উদ্ধার। এবার সামসেরগঞ্জের বাবুপুর এবং আলমসাহিতে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বাবুপুর এলাকার একটি আমবাগান সংলগ্ন ঝোপ ঝাড় থেকে তাজা বোমা গুলো বাজেয়াপ্ত করা হয়। পাশাপশি আলমসাহিতেও আমবাগান থেকে বোমা উদ্ধার করে সামসেরগঞ্জ থানার পুলিশ। বোমা উদ্ধারের পরই জায়গাটি ঘিরে দেয় পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে। শুধু তাই নয়, এলাকার আর কোথাও বোমা মজুত রয়েছে কি না তা খতিয়ে দেখতে এলাকাজুড়ে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ, ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের তত্বাবধানে সামসেরগঞ্জ পুলিশের নেতৃত্বে বিভিন্ন এলাকায় কুকুর দিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। যে কোনরকম অপ্রীতিকর ও অশান্তি রুখতে তৎপর পুলিশ। পুলিশ সূত্রে খবর, সামসেরগঞ্জ থানা এলাকায় একের পর এক বোমা উদ্ধার করছে পুলিশ। সোমবার, মঙ্গলবারের পর এবার বুধবারও বোমা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

