মাটি বোঝাই একটি বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির।
রানিতলা, মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা :- মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত পাহাড় গোবিন্দপুর এলাকায় মাটি বোঝাই একটি বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ইসরাইল শেখ, যিনি ওই বাড়িরই মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর নাগাদ একটি বেলাগাম গতির মাটি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে একটি বাড়িতে। সেই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ইসরাইল শেখ। ট্রাক্টরটি তাঁকে পিষে দিয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বিকট আওয়াজে এলাকা কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় ইসরাইল শেখকে উদ্ধার করে লালবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রানিতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ওই ট্রাক্টরটি এক নাবালক চালাচ্ছিল। পরিবারের সদস্যদের দাবি, পুলিশের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। তাঁরা প্রশ্ন তুলেছেন, কীভাবে নাবালক চালকের হাতে তুলে দেওয়া হয় এমন ভারী যানবাহনের স্টিয়ারিং?
ইসরাইল শেখের শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার ও গ্রামবাসীরা। তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক এবং নাবালকদের দিয়ে কোনও ধরনের যানবাহন চালানো বন্ধ করুক প্রশাসন।
ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ময়না তদন্তের রিপোর্টের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

