বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে একটি দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: রাস্তা পারাপার হতে গিয়ে অ্যাম্বুলেন্সের ঢাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকায়। ঘটনার জেরে ঘাতক অ্যাম্বুলেন্সে ভাঙচুরসহ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকার মানুষজন। ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মৃতা বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতাল পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
পুলিশ জানিয়েছে অমৃতা বৃদ্ধার নাম পার্বতী বর্মন(৬০)। বাড়ি গঙ্গারামপুর থানার জালালপুর কোরিয়াল এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে একটি দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়েছিল ওই বৃদ্ধা।সেইসময় রাস্তা পারাপার হতে গেলে বুনিয়াদপুর থেকে বালুরঘাট গামী একটি অ্যাম্বুলেন্স ধাক্কা মারে বৃদ্ধাকে। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। এদিকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার জেরে ঘাতক অ্যাম্বুলেন্সে ভাঙচুর সহ প্রায় ২০ মিনিটের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকার মানুষজন। পরে গঙ্গারামপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। শুক্রবার বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

