চোরবাগান কাণ্ডের পর কালীপুজোয় বাড়তি সতর্কতা, কলকাতায় পুলিশ ও দমকলের যৌথ পরিদর্শন।
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:-চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কালীপুজোয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তৎপর রাজ্য পুলিশ ও প্রশাসন। উৎসবের মরশুমে যাতে কোনওভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আগেভাগেই ময়দানে নেমেছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রসিদ্ধ কালীপুজো মণ্ডপগুলিতে শুরু হয়েছে বিশেষ পরিদর্শন ও নিরাপত্তা সংক্রান্ত অভিযান।
পুলিশ ও দমকল বিভাগের যৌথ উদ্যোগে চলছে এই বিশেষ ইন্সপেকশন। মূলত পুজো মণ্ডপগুলির সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও প্রস্থানের পথ এবং জরুরি পরিস্থিতিতে বেরিয়ে আসার জন্য পর্যাপ্ত ইমার্জেন্সি এক্সিট রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। পাশাপাশি মণ্ডপের ভিতরে ও বাইরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কি না, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
এই পরিদর্শনে অংশ নিয়েছেন দমকলের ডিজি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে মণ্ডপে আলাদা করে কোনও ভিআইপি প্রবেশপথ না রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা। একইসঙ্গে দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রবেশ ও বেরোনোর পথ যথাযথভাবে চিহ্নিত করা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার নির্দেশ ও পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, আজ কলকাতার মোট ৬টি পুজো মণ্ডপ এবং ১টি বাজির বাজারে এই বিশেষ অভিযান চালানো হবে। সেই তালিকায় প্রথমেই রয়েছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ফাটাকেষ্টর কালীপুজো। ইতিমধ্যেই সেখানে পৌঁছে যৌথভাবে পরিদর্শন চালিয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা।
চোরবাগানের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যাতে কোনওভাবেই না হয়, সেই লক্ষ্যেই কালীপুজোর আগে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন পুলিশের কাছে প্রধান চ্যালেঞ্জ।

