দীর্ঘ অপেক্ষার অবসান, হবিবপুর থানার উদ্যোগে হারানো মোবাইল ফিরে পেলেন ৫৭ জন।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল হবিবপুর থানার পুলিশ। বুধবার হবিবপুর থানার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ৫৭ জন মোবাইল মালিকের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হয়।
দীর্ঘ অপেক্ষার পর নিজেদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি হন প্রাপকরা। তাঁরা জানান, মোবাইল হারিয়ে যাওয়ার পর হবিবপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। এরপর পুলিশ প্রশাসনের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই তাঁরা নিজেদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন। দ্রুততার সঙ্গে মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য হবিবপুর থানার পুলিশকে ধন্যবাদ জানান তাঁরা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার এই পদক্ষেপ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে বলেই মনে করছেন অনেকে।

