হরিশ্চন্দ্রপুরে ট্রাফিক সচেতনতায় পুলিশের পদযাত্রা, হেলমেটহীন বাইক চালকদের সতর্কবার্তা।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর থানার উদ্যোগে সিভিক ভলান্টিয়ার্সদের নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন হাতে সচেতনতামূলক ব্যানার নিয়ে হরিশ্চন্দ্রপুর থানা থেকে কিরণবালা বালিকা বিদ্যাশ্রম পর্যন্ত পদযাত্রা করেন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার্সরা। পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে যানবাহন চালানোর বার্তা দেওয়া হয়। পাশাপাশি, হেলমেট ছাড়া মোটরবাইক চালকদের সতর্ক করেন পুলিশকর্মীরা। বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য তাঁদের সচেতন করা হয়। পথ দুর্ঘটনা কমাতে এবং মানুষের মধ্যে নিরাপদে যাতায়াতের অভ্যাস গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

