লক্ষ্মীপুজোর মেলায় জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, মানিকচকে গ্রেফতার ১২।
মালদা, নিজস্ব সংবাদদাতা:-: অনুমতি বিহীন মেলা বন্ধ করতে গিয়ে একদল জুয়ারির হাতে আক্রান্ত হল পুলিশ! জুয়ারিদের আক্রমণে গুরুতর আহত হলেন এক সিভিক ভলান্টিয়ার। গভীর রাতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় মালদার মানিকচকের মথুরাপুর ফত্তেনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুজো উপলক্ষে ফত্তেনগর এলাকার এক আমবাগানের মধ্যে এক ছোটোখাটো মেলা বসিয়ে রমরমিয়ে জুয়া খেলা চলছিল। এই খবর জানতে পেরে মানিকচক থানার পুলিশ সেখানে হানা দিয়ে অনুমতি বিহীন মেলা বন্ধ করতে বলে। পুলিশের নির্দেশ মেনে অনেকে প্রায় অধিকাংশ লোক সেই স্থান ছেড়ে যথারীতি চলে যায়। কিন্তু ঠিক তখনই একদল স্থানীয় জুয়ারি সেই স্থানের লাইট বন্ধ করে পুলিশের উপর হামলা চালায় বলে খবর। সেই হামলায় একাধিক সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ কর্মী আহত হন। তাদের মধ্যে এক সিভিক ভলান্টিয়ার গুরুতর আহত হন বলে খবর। যদিও পরে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ ধরপাকড় অভিযান চালিয়ে মোট ১২জনকে পাকড়াও করে বলে খবর। যাদের সোমবার পেশ করা হয়, মালদা জেলা আদালতে। যদিও ধৃতদের একাংশের পরিবারবর্গ দাবী করেন, যারা জুয়া খেলছিল, যারা পুলিশের উপর হামলা চালিয়েছিল তারা পলাতক রয়েছে। পুলিশ যাদের পাকড়াও করে তাদের মধ্যে অনেকেই ঘটনার সঙ্গে জড়িত নয়। তারা নির্দোষ বলে দাবী করেন।

