কাঁসাই নদীতে জলস্তর বৃদ্ধি, জলের তোড়ে ভাঙল একাধিক বাঁশের সাঁকো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়া জেলার মুকুটমণিপুর ব্যারেজ থেকে জল ছাড়ার জেরে কাঁসাই নদীতে বাড়ল জলস্তর। আর নদীর জলস্তর বৃদ্ধির জেরে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, কঙ্কাবতী-সহ বেশ কয়েকটি এলাকায় ভেঙে গিয়েছে বাঁশের সাঁকো। ফলে নদী পারাপারে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বর্তমানে নৌকায় করেই যাতায়াত করতে হচ্ছে তাঁদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁসাই নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় জলের প্রবল তোড়ে একাধিক বাঁশের সাঁকো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে নদী পারাপার করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেও মুকুটমণিপুর ব্যারেজ থেকে ৫ হাজার থেকে ১৫ হাজার কিউসেক পর্যন্ত জল ছাড়া হয়েছিল বলে জানা গিয়েছে। ফের জলস্তর বৃদ্ধির জেরে সাঁকো ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়। এখন প্রশ্ন, কবে আবার স্বাভাবিক হবে নদী পারাপার? কবে তৈরি হবে ভেঙে যাওয়া সাঁকোগুলি? আপাতত নৌকায় পারাপার করেই গন্তব্যে পৌঁছতে হচ্ছে সাধারণ মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *