গোয়ালতোড়ে বিজয়া সম্মেলনীতে পুলিশকর্মীদের সঙ্গে পুলিশ সুপার পাপিয়া সুলতানা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিনরাত এক করে কর্তব্যে অবিচল ছিলেন পুলিশকর্মীরা। নিজের পরিবারের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেওয়া কিংবা মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শনের সুযোগ ছেড়ে সাধারণ মানুষের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন তাঁরা। এবার সেই সমস্ত পুলিশকর্মীর পাশে দাঁড়িয়ে তাঁদের সম্মান জানাল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।,সোমবার গোয়ালতোড় থানায় আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে পুলিশকর্মীদের সঙ্গে সামিল হন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি অপারেশনস সব্যসাচী ঘোষ, গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
দুর্গাপুজোয় কর্তব্যনিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই দিন পুলিশকর্মীদের হাতে উপহার তুলে দেন পুলিশ সুপার। উৎসবের মরশুমে যাঁরা নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন, তাঁদের সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ।
সব মিলিয়ে, বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পুলিশকর্মীদের কাজের স্বীকৃতি ও তাঁদের উৎসাহিত করার বার্তা উঠে এল গোয়ালতোড়ের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে।

