সাবেকিয়ানা ও পৌরাণিক ভাবধারার মেলবন্ধন, হবিবপুরে একুশটি দুর্গাপ্রতিমা গড়ছেন চারু পাল।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- পুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই দুর্গাপ্রতিমা তৈরির কাজে ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পীদের। মালদার হবিবপুর ব্লকের বকসীনগর লালচাঁদপুরে ‘নির্মলা শিল্পালয়ে’ পরিবারের সদস্যদের নিয়ে একুশটি দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পী চারু পাল। তাঁর তৈরি প্রতিমায় যেমন থাকছে সাবেকিয়ানার ছোঁয়া, তেমনই ফুটে উঠছে পৌরাণিক ভাবধারা ও বিভিন্ন দেবীরূপের বৈচিত্র্য। হবিবপুরের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন প্রান্তে পাড়ি দেবে তাঁর তৈরি দুর্গাপ্রতিমা।
চারু পাল জানান, ইতিমধ্যেই একুশটি প্রতিমারই বরাত পেয়েছেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত প্রতিমার কাজ শেষ করতে স্ত্রী, মেয়ে-সহ পরিবারের সদস্যরা দিনরাত পরিশ্রম করছেন। ছোটবেলায় ভেলু চরণ পালের কাছে দুর্গাপ্রতিমা তৈরির কাজ শেখেন চারু পাল। পরবর্তীতে মালদার শিল্পী রাজকুমার পণ্ডিতের কাছে প্রায় দশ বছর প্রশিক্ষণ নেওয়ার পর নিজের শিল্পালয়ে প্রতিমা তৈরির কাজ শুরু করেন।
বর্তমানে খড়ের কাঠামো তৈরি থেকে শুরু করে মাটি দেওয়া, রং করা এবং প্রতিমার সাজসজ্জার কাজে ব্যস্ত চারু পাল ও তাঁর পরিবারের সদস্যরা। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছেন দেবী দুর্গা। পুজোর আগে তাঁর তৈরি প্রতিমাগুলি বিভিন্ন মণ্ডপে পৌঁছে যাবে, আর সেই লক্ষ্যেই এখন দিনরাত এক করে কাজ করে চলেছেন চারু পাল ও তাঁর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *