‘হেলমেট পরুন, নিয়ম মানুন’—মালিগ্রামে যমরাজ-চিত্রগুপ্ত সেজে পথ নিরাপত্তার প্রচার।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবার অভিনব উদ্যোগ বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের মালিগ্রামে আয়োজন করা হয় বিশেষ পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি। আর সেই কর্মসূচিতে সাধারণ মানুষের নজর কাড়তে রাস্তায় দেখা গেল যমরাজ, চিত্রগুপ্ত এবং কোটালকে।
মালিগ্রাম বাজার এলাকায় যমরাজ, চিত্রগুপ্ত ও কোটালের সাজে বিজেপি কর্মীরা পথচলতি মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেন। অভিনব এই উদ্যোগ দেখতে বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ ও কৌতূহল দেখা যায়। হাসি-ঠাট্টা ও অভিনব উপস্থাপনার মাধ্যমে পথ নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। কর্মসূচিতে বিশেষভাবে হেলমেট ব্যবহারের উপর জোর দেওয়া হয়। বাইক চালানোর সময় চালকের পাশাপাশি পিছনে বসা আরোহীকেও হেলমেট ব্যবহার করার বার্তা দেওয়া হয়। পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি বা বাইক না চালানো, রাস্তায় ট্রাফিক নিয়ম মেনে চলা এবং নিজের পাশাপাশি অন্যদের নিরাপত্তার কথাও তুলে ধরা হয়।
উদ্যোক্তাদের বক্তব্য, শুধুমাত্র বক্তৃতা বা প্রচারের মাধ্যমে নয়, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে অভিনব পদ্ধতিতে এই সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। যমরাজ ও চিত্রগুপ্তের চরিত্রকে সামনে রেখে দুর্ঘটনার সম্ভাব্য পরিণতির বিষয়টিও মানুষের কাছে তুলে ধরা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে চলা ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে বিভিন্ন জনমুখী ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। মালিগ্রামের এই কর্মসূচিও তারই অংশ। পথ নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে। মালিগ্রামে যমরাজ, চিত্রগুপ্ত ও কোটালের এই অভিনব উপস্থিতি ঘিরে এদিন বেশ কিছুটা সময় ধরে সাধারণ মানুষের নজর ছিল বাজারের ওই কর্মসূচির দিকে।

