আবারও সিপিআইএম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গড়বেতা, বেড়াচাপড়ায় আহত একাধিক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারও সিপিআইএম ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের গড়বেতা! এবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গড়বেতার বেড়াচাপড়া এলাকায়। সংঘর্ষে দুই পক্ষেরই একাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিজেপির অভিযোগ, সন্ত্রাসের প্রতিবাদে গড়বেতা শহরে আয়োজিত মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পর বাড়ি ফিরছিলেন তাঁদের কর্মীরা। সেই সময় বেড়াচাপড়া এলাকায় তাঁদের উপর সিপিআইএমের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। মারধরের জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন বলে দাবি বিজেপির।
অন্যদিকে, পাল্টা অভিযোগ করেছে সিপিআইএম। তাদের দাবি, হঠাৎই বিজেপির লোকজন তাঁদের বাড়িতে চড়াও হয়। মারধরের পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে বলে দাবি সিপিআইএমের।
ঘটনার পর থেকেই গোটা এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। রবিবার সকাল থেকেও বেড়াচাপড়া এলাকায় থমথমে পরিস্থিতি। রয়েছে চাপা উত্তেজনা। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *