রাজু মাহাতো-মালতী মুর্মু গ্রেফতার, মাওবাদী সংগঠনের গতিবিধি নিয়ে তথ্যের খোঁজে তদন্তকারীরা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের শালবনিতে STF-এর গোপন অভিযানে গ্রেফতার দুই সন্দেহভাজন মাওবাদী সদস্য। ধৃতদের মধ্যে রয়েছেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত মাওবাদী নেতা রাজু মাহাতো ওরফে পতিত পবন মাহাতো, ওরফে মঙ্গল। তাঁর স্ত্রী মালতী মুর্মু ওরফে মালাকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। তাঁর বিরুদ্ধেও দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল বলে জানা গিয়েছে। শালবনি থানার ৫ নম্বর লালগেড়িয়া এলাকার সরবেড়িয়া গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় STF। সেখান থেকেই দু’জনকে আটক করা হয় বলে সূত্রের খবর।
তদন্তকারীদের দাবি, মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশের ঘনিষ্ঠ ছিলেন রাজু ও মালতী। অসীম মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল বলে জানা গিয়েছে।
গ্রেফতারের পর দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে মাওবাদী সংগঠনের গতিবিধি এবং আত্মগোপন সংক্রান্ত আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। তবে গোটা ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

