একদিন বিজেপি, পরদিন বাম—পরপর রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত চন্দ্রকোনারোড, বাড়ছে টানটান পরিস্থিতি।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শান্ত চন্দ্রকোনারোড শহরকে অশান্ত করার চক্রান্ত চলছে! দেশবিরোধী ও রাষ্ট্রবিরোধী শক্তির অপপ্রচারের অভিযোগ তুলে এবার রাস্তায় নামল বিজেপি। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরে বিজেপির ডাকে বের হয় বিশাল প্রতিবাদ মিছিল। বিজেপির দাবি, শহরের শান্ত পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
দলীয় দাবি অনুযায়ী, মিছিলে কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক অংশ নেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল। উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতা-কর্মী। তবে রাজনৈতিক উত্তাপ এখানেই শেষ নয়। কারণ, আগামীকাল সোমবার একই চন্দ্রকোনারোড শহরে একাধিক ইস্যুতে পাল্টা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাম সংগঠন। সেই মিছিলে উপস্থিত থাকার কথা বাম নেতা শতরূপ ঘোষ-সহ একাধিক জেলা নেতৃত্বের।
ফলে পরপর দু’দিনে চন্দ্রকোনারোডে বিজেপি বনাম বামেদের রাজনৈতিক কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।

