জমি দখলের অভিযোগে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ, বিজেপি কর্মীর বিরুদ্ধে সরব পরিবার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি কর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। কাঠগড়ায় দলই। জমি দখল করে রাতের অন্ধকারে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় মিলছে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ—এমনই অভিযোগ তুলে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক বিজেপি পরিবারের সদস্যরা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে মালদার মোথাবাড়ি থানার গীতা মোড় এলাকায়।
জানা গেছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা জয়দেব মণ্ডলের প্রায় সাত কাঠা জমি রয়েছে। তাঁর ছেলে শুকদেব মণ্ডলের অভিযোগ, তাঁদের সেই জমি জোর করে দখল করে রাতের অন্ধকারে নির্মাণকাজ চালাচ্ছেন বিজেপি কর্মী গোবিন্দ মণ্ডল সহ বেশ কয়েকজন। প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করা হচ্ছে বলে অভিযোগ। তাঁর দাবি, তাঁরাও বিজেপি করেন। তাই পুলিশ ও প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে সুবিচারের আবেদন জানিয়েছেন তাঁরা। প্রয়োজনে আগামী দিনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন অভিযোগকারীরা।
যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন গোবিন্দ মণ্ডল। তাঁর পাল্টা দাবি, ওই জমি তাঁদেরই।
বিজেপির কালিয়াচক-২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিধানসভা নির্বাচনের প্রার্থী নিবারণ ঘোষ বলেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ পারিবারিক গণ্ডগোল।
অন্যদিকে, তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের দাবি, অভিযোগ যখন হয়েছে, প্রশাসনের উচিত দলমত নির্বিশেষে নিরপেক্ষ তদন্ত করা। কেউ জোর করে জমি দখল করে থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *