বিরিয়ানিতে ক্ষতিকারক কৃত্রিম রং নয়, কালনায় দোকানদারদের কড়া বার্তা খাদ্য সুরক্ষা আধিকারিকদের।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমানের কালনায় খাবারের মান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে খাদ্য সুরক্ষা দপ্তরের বিশেষ অভিযান। উৎসবের মরশুমের মুখে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শহরের একাধিক বিরিয়ানির দোকান ও খাদ্য প্রতিষ্ঠানে চলল এই ঝটিকা তল্লাশি। খাবারের গুণগত মান বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন আধিকারিকরা।
১ থেকে ৭ সেপ্টেম্বর খাদ্য সুরক্ষা দপ্তরের বিশেষ সচেতনতা ও নজরদারি অভিযানের অংশ হিসেবে কালনা শহরে নামল খাদ্য সুরক্ষা দপ্তর। মূলত শহরের বিরিয়ানির দোকানগুলিকে লক্ষ্য করেই এদিন চলে এই অভিযান। দোকানে ব্যবহৃত মশলাপাতি, তেল ও অন্যান্য উপকরণের গুণমান খতিয়ে দেখেন পরিদর্শকরা।
অভিযান চলাকালীন আধিকারিকরা স্পষ্ট জানান, রান্নায় কোনওভাবেই ক্ষতিকারক কৃত্রিম রং ব্যবহার করা যাবে না। সর্বদা ব্র্যান্ডেড ও প্যাকেটজাত মশলাপাতি ব্যবহার করতে হবে। এর পাশাপাশি রান্নার জায়গা অর্থাৎ কিচেন সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যবিধি (Hygiene) কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয় দোকানদারদের।
এদিনের তল্লাশিতে গুরুতর কোনও অস্বাস্থ্যকর ভেজাল ধরা না পড়লেও, মেয়াদ উত্তীর্ণ হতে চলা কিছু ঠান্ডা পানীয় নষ্ট করে ফেলার নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি আধিকারিকরা জানিয়েছেন, আগামী ১৫ দিন পর ফের এমন আকস্মিক পরিদর্শন চালানো হবে এবং নিয়ম না মানলে নেওয়া হবে কড়া আইনি পদক্ষেপ।

