NH-16-এ ভয়াবহ দুর্ঘটনা, অজ্ঞাত গাড়িতে সজোরে ধাক্কা—মৃত ২।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত চাঁদাবুড়ি মন্দিরের কাছে NH-16-এর কলকাতাগামী লেনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও কেউ ছিলেন কি না, তা জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ খড়গপুরের দিক থেকে ডেবরার দিকে যাচ্ছিল WB34 AS 5028 নম্বরের একটি ব্যক্তিগত গাড়ি। চাঁদাবুড়ি মন্দিরের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অজ্ঞাতপরিচয় গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ব্যক্তিগত গাড়িটির চালক অরুণ সুর (৪৮) এবং যাত্রী অভিষেক সিনহা (২৫) গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে দ্রুত ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং সামনে থাকা অজ্ঞাতপরিচয় গাড়িটির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।

