‘যোগ্যদের না দিয়ে অযোগ্যদের দেওয়া হচ্ছে’, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তৃণমূলকে নিশানা অগ্নিমিত্রার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে যোগ্য মহিলাদের বঞ্চিত করার অভিযোগ ঘিরে মেদিনীপুরে সরব হলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে এসে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি জেলা প্রশাসনের দপ্তরে জেলার বিভিন্ন পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, বিধায়ক শংকর গুছাইত, বিভিন্ন পুরসভার চেয়ারম্যান এবং প্রশাসনের আধিকারিকরা।
মন্ত্রী জেলাশাসকের দপ্তরে বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত বেশ কয়েকজন মহিলা তাঁকে ঘিরে ধরে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও প্রকল্পের টাকা পাচ্ছেন না। মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ শোনেন অগ্নিমিত্রা পাল। এরপর তিনি বৈঠকে যোগ দিতে চলে গেলেও জেলাশাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা।বিক্ষোভকারী মহিলাদের অগ্নিমিত্রা পাল জানান, তাঁরা যেন তাঁদের নাম, ফোন নম্বর, আধার কার্ডের নম্বর এবং এনরোলমেন্ট নম্বর লিখে এসডিও অফিসে জমা দেন। পাশাপাশি ভিডিও অফিস বা পৌরসভা অফিসে গিয়েও অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মন্ত্রী। তাঁর দাবি, প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে। অগ্নিমিত্রা পাল বলেন, “আমার বলতে খারাপ লাগছে, কিন্তু অনেকে ভিতরে তৃণমূলের বসে আছে, যারা অনেক গন্ডগোল পাকাচ্ছে। তারা দেখে দেখে যারা যোগ্য, তাদের না দিয়ে অযোগ্যদের দেওয়া হচ্ছে।” তাঁর আরও দাবি, এর ফলে প্রকৃত যোগ্য মহিলারা ক্ষুব্ধ হচ্ছেন এবং বঞ্চিত হচ্ছেন। বিষয়টির মধ্যে রাজনীতি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অগ্নিমিত্রা বলেন, ধীরে ধীরে বিষয়টি ঠিক হয়ে যাবে এবং এই অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর কাছেও জানাবেন তিনি। শুক্রবার মেদিনীপুরে পৌঁছে প্রথমে ধর্মার বিধায়ক কার্যালয়ে যান অগ্নিমিত্রা পাল। সেখানেও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে কয়েকজন মহিলা তাঁকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। এরপর তিনি রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। পরে জেলাশাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠকে অংশ নেন। অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা নিয়ে মন্ত্রীর সামনে মহিলাদের একের পর এক অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের বিরুদ্ধে তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *