সাত সমুদ্র জয়ের স্বপ্নে আফরিন, ক্যাটলিনা চ্যানেল অভিযানের প্রস্তুতিতে জোর কদমে অনুশীলন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয়ের সাফল্যের পর এবার বিশ্বের অন্যতম কঠিন ওপেন-ওয়াটার সাঁতারের চ্যালেঞ্জ ক্যাটলিনা চ্যানেল জয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন পশ্চিম মেদিনীপুরের কৃতী সাঁতারু আফরিন জাবি। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ২২ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে তিনি এই ঐতিহাসিক সাঁতার অভিযান শুরু করবেন।
আফরিন এর আগে ২৯ জুলাই, ২০২৫ ইংলিশ চ্যানেল অতিক্রম করে নজির গড়েছিলেন। প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে তাঁর সময় লেগেছিল ১৩ ঘণ্টা ১৩ মিনিট। এরপর ২০২৬ সালের মে মাসে ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ পক প্রণালী সফলভাবে সাঁতরে পার হন তিনি। সেই চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে সময় লাগে ৭ ঘণ্টা ৫ মিনিট। এবার তাঁর লক্ষ্য ক্যাটলিনা চ্যানেল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মূল ভূখণ্ড থেকে সাঁতার শুরু করে ক্যাটলিনা দ্বীপে পৌঁছানোর এই অভিযান বিশ্বের অন্যতম কঠিন ওপেন-ওয়াটার সাঁতারের পরীক্ষাগুলির একটি হিসেবে পরিচিত। সেপ্টেম্বর মাসেই এই সাঁতার আয়োজনের সম্ভাবনা রয়েছে।
মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চক এলাকার বাসিন্দা আফরিন। তাঁর বাবা পিয়ার আলী ও মা সাবিনা পারভীন শুরু থেকেই মেয়ের স্বপ্নপূরণে নিরন্তর পাশে রয়েছেন। বর্তমানে ক্যাটলিনা চ্যানেল অভিযানের জন্য কঠোর অনুশীলনে ব্যস্ত আফরিন। তিনি জানান, এই চ্যানেলে সাঁতার কাটার সময় বিভিন্ন সামুদ্রিক প্রাণীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও সেই চ্যালেঞ্জকে জয় করতেই তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
তবে আন্তর্জাতিক এই অভিযানের পথে সবচেয়ে বড় বাধা অর্থের সংস্থান। আফরিন জানান, পর্যাপ্ত স্পন্সর না পাওয়ায় ৩১ জুলাই নির্ধারিত অভিযান পিছিয়ে ২২ সেপ্টেম্বর করা হয়েছে। এই অভিযানের মোট ব্যয় প্রায় ২৮ লক্ষ টাকা। ইতিমধ্যে রেশমি কোম্পানির পক্ষ থেকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা মিলেছে। তবে বাকি অর্থ এখনও সংগ্রহ করা সম্ভব হয়নি।আফরিনের আবেদন, পর্যাপ্ত স্পন্সর ও আর্থিক সহযোগিতা পেলে তিনি শুধু ক্যাটলিনা চ্যানেলই নয়, ভবিষ্যতে আরও আন্তর্জাতিক ওপেন-ওয়াটার সাঁতারে ভারতের হয়ে সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করতে চান। আফরিনের কথায়, “স্পন্সর না পেলে সাত সমুদ্র জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *