একলা মানুষের শরবিদ্ধ স্বরলিপি : মহীতোষ গায়েন।

গুরুপূর্ণিমার চাঁদ হাসছে,রাত্রি তখন ন’টা,
এলোমেলো সঙ্গীতে ভাসছে চরাচর,অশ্রু
নিঃস্বরণের আওয়াজ নিঃসঙ্গতার আবর্তে…
মৃত্যু শোক ছড়িয়ে যায় শিরায় উপশিরায়।

প্রিয়জন হারানোর শোক শরীরের সমস্ত
উপত্যকায় ,টিলায়,অপ্রত্যাশিত আলো
এলো শেষ প্রহরের খেয়া বেয়ে,মন-মাঝির
অচেনা প্রবাহে ধরা দিল হারানো চিলতে স্মৃতি।

সময়ের আবর্তে জড়িয়ে জ্ঞানতাপস অসহায়,
একটা ভুল বোঝাবুঝি টলিয়ে দেয় কোন পক্ষের
বিশ্বাস,বিশ্বাস ও আস্থা ঠুনকো নয়,অটল থাকলে
সময়ের আবর্তে প্রকৃত উপলব্ধি উজ্জ্বলতর হয়।

বাতাসে মেঘমল্লার রাগ,ঝিরঝিরে বর্ষা অবিরত,
ইলশেগুঁড়ি বৃষ্টি ইঙ্গিত দেয় এবার ফলন ভালো,
ছাতিম ফুলের গন্ধ ভরায় দিকচক্রবাল,কদমের
বনে নবরাগ, ঈশ্বরের বাগানে ওঠে অচেনা ঝড়।

চাঁদের হাসিমুখ ঝাপসা,অশ্রুকণা মেশা হাসি,
নুয়ে পড়া সবুজ গাছের মগডালে পাখিরা লুকায়,
একলা এই পথচলা,রাত বাড়ে, ঘরে ফেরার ডাকে
স্বস্তি নেই,আহত হৃদয় নিঃসৃত গান চরাচরে,না।

ফুটব্রিজের তলায় দাঁড়িয়ে থাকা মানুষটি একলা,
বুকভরা স্বপ্ন আর অপূর্ণতার স্বরলিপি জ্বালা ধরায়
শিরা উপশিরায়,অঙ্গীকার ও গভীর প্রত্যয়,বিশ্বাসে
হেঁটে চলে একলা মানুষ আর এক আরম্ভের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *