মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে কৃতিদের সম্মান, দোমুয়ানি হাই স্কুলে উৎসবের আবহ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দোমুয়ানি হাই স্কুলে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সফল পড়ুয়াদের ফুল, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনারোড বিট হাউসের আইসি অনুপ ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা কৃতি ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের অধ্যবসায়, নিয়মানুবর্তিতা ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পড়ুয়াদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

