শিক্ষকপল্লীতে কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে চার মাদক কারবারি।
মালদা, নিজস্ব সংবাদদাতা : — প্রায় তিন কেজি পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার থেকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার রাতে গাজোলের শিক্ষক পল্লী এলাকায়।নিষিদ্ধ মাদকের বেআইনি কারবারের পর্দাফাঁস করল মালদার গাজোল থানার পুলিশ। উদ্ধার করল কয়েক কোটি টাকার ব্রাউন সুগার। ঘটনায় বেআইনি কারবারের যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় গাজোলের শিক্ষকপল্লী এলাকায়। জানা গেছে, গাজোলের শিক্ষকপল্লী এলাকার এক বাড়িতে বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগারের বেআইনি ‘কারবার অর্থাৎ কেনাবেচা চলছিল। যা বিশেষ সূত্রে জানতে পেরে গাজোল থানার আইসি কৌশিক বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। পুলিশের সেই অভিযানেই নিষিদ্ধ মাদকের বেআইনি কারবারের পর্দাফাঁস হয়। বাড়ির দোতলার একটি ঘর থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার ভরতি একাধিক ছোটো ছোটো প্যাকেট। সব মিলিয়ে ওই সমস্ত প্যাকেট থেকে মোট ৩ কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি এই বেআইনি কারবারে যুক্ত থাকার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে। গোটা ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হয়। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের জন্য ঘটনাস্থলে হাজির ছিলেন গাজোলের বিডিও সুমন ঘোষ।

