প্রেমে প্রতারণার অভিযোগ, বিষ খেয়ে যুবকের মৃত্যু— কালীনগরে বিচারের দাবিতে বিক্ষোভ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ভাঙন এবং প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে বিষ খেয়ে এক তরুণের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাজিরপুর পঞ্চায়েতের খাঁপুর কালীনগর এলাকায়। মৃত তরুণের নাম বিমান সরকার (২৬)। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে এক তরুণীর বাবা-মাসহ তিনজনের বিরুদ্ধে পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিঙ্গিসপুর দওঘাট এলাকার এক নাবালিকার সঙ্গে প্রায় দুই থেকে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বিমানের। উভয় পরিবারের মধ্যে নিয়মিত যাতায়াতও ছিল। অভিযোগ, মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হলেই বিয়ের পরিকল্পনা করেছিলেন দুই পরিবার। সেই লক্ষ্যেই পরিযায়ী শ্রমিক বিমান সরকার নিজের এলাকায় নতুন পাকা বাড়ি নির্মাণের কাজও শুরু করেছিলেন।
কিন্তু কয়েক মাস আগে ওই তরুণী অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন বিমান। পরিবারের দাবি, মঙ্গলবার তিনি বিষাক্ত পদার্থ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃতের মা অনিতা সরকার ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ। জানা গেছে বিয়ের আশ্বাসে ওই নাবালিকাকে দামি মোবাইল, গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী উপহার দিয়েছিলেন বিমান। পরে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ায় তিনি ভেঙে পড়েন।
ঘটনার পর থেকেই কালীনগর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। মৃতের কাকা বিশ্বজিৎ সরকার পতিরাম থানায় গিয়ে তরুণীর বাবা উজ্জ্বল বর্মণসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গ্রামবাসীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও উপযুক্ত বিচারের দাবি তুলেছেন।

