তোলাবাজি ও জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে তোলাবাজি ও জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা । শনিবার সকালে তাঁকে গ্রেফতার র করে পুলিশ। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল এবং বেআইনি আর্থিক লেনদেনের একাধিক অভিযোগ উঠছিল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত প্রতারণা ও চাঁদা আদায়ের অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। তদন্তকারীরা দাবি করেছেন, প্রাথমিক তদন্তে বেশ কিছু নথি ও তথ্যপ্রমাণ হাতে এসেছে, যার ভিত্তিতেই প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁর আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি ও জমি কারবার নিয়ে অভিযোগ থাকলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। অন্যদিকে, অভিযুক্তের ঘনিষ্ঠ মহলের দাবি, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে।পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনে আরও গ্রেফতারি হতে পারে। ধৃত প্রাক্তন বিধায়ককে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে মেদিনীপুর জেলাজুড়ে তীব্র রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *