অসহায় শিশুদের পাশে মানবিক উদ্যোগ, বানপুরের শিশু আশ্রমে জল পরিশোধক উপহার।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বানপুর এলাকায় অবস্থিত শান্তিকুঞ্জ শিশু আশ্রমে পরিশ্রুত পানীয় জলের সুবিধা বাড়াতে একটি জলের ফিল্টার প্রদান করল ডব্লুবিএসপিইএ। শনিবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আশ্রম কর্তৃপক্ষের হাতে ফিল্টারটি তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, শান্তিকুঞ্জ শিশু আশ্রমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা ও লালন-পালনের ব্যবস্থা রয়েছে। শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ পানীয় জলের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের প্রতিনিধিরা।
ডব্লুবিএসপিইএ-এর পক্ষ থেকে অর্ঘ্য সিংহ বলেন, “শান্তিকুঞ্জ আশ্রম শিশুদের জন্য অত্যন্ত ভালো কাজ করছে। তাদের পরিশ্রুত পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে আমরা এই ফিল্টার প্রদান করেছি। ভবিষ্যতে আশ্রমের উন্নয়নে আরও সহযোগিতা করার ইচ্ছা রয়েছে।”
অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন দেবাশীষ চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রতাপ সিংহ, অজয় গাঙ্গুলী, জিতেন মাল, স্নেহাংশু ভট্টাচার্য, অপহারানন্দ মহারাজসহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার বার্তা উঠে আসে।

