কুশমন্ডিতে বিজেপির ঝড়, একসঙ্গে ২৫ পরিবারের যোগদান।

দক্ষিণদিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে কুশমন্ডি বিধানসভা কেন্দ্রে বিজেপি শিবিরে জমে উঠেছে রাজনৈতিক উত্তেজনা। পরিবর্তনের হাওয়ায় ভেসে, তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল থেকে ২৫টি পরিবার বিজেপিতে যোগদান করেছেন। জাহাঙ্গীরপুর অঞ্চলে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিজেপি মনোনীত প্রার্থী তাপস চন্দ্র রায়। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী এবং স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিজেপির পক্ষ থেকে নতুন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাপস চন্দ্র রায় বলেন, “এটি শুধুমাত্র একটি দলীয় যোগদান নয়, এটি মানুষের বিশ্বাস, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং উন্নয়নের স্বপ্নের প্রতিফলন। কুশমন্ডির উন্নয়নই আমাদের অগ্রাধিকার।”

যোগদানকারীরা জানান, তৃণমূলের প্রতি অসন্তোষ এবং বিজেপির নীতিতে আস্থা তাঁদের এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। তাঁদের আশা, বিজেপি নেতৃত্বে কুশমন্ডি আরও শক্তিশালী এবং উন্নত হবে।

স্থানীয় বিজেপি নেতৃত্ব মনে করছেন, এই ঐতিহাসিক যোগদান আসন্ন নির্বাচনে দলের অবস্থানকে আরও দৃঢ় করবে। বিজেপি কর্মীদের মধ্যে চাঙ্গা মনোভাব এবং আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *