শিক্ষক সংগঠনের প্রতিবাদ, ডিএম অফিসে ডেপুটেশন।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৬ মার্চ: – শিক্ষক সংগঠনগুলিকে না জানিয়ে মূলত রাতের অন্ধকারে শিক্ষকদের অনৈতিক ও অবৈধ বদলির প্রতিবাদে বামপন্থী শিক্ষক সমিতিগুলি যৌথ ভাবে বিক্ষোভ দেখালো বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর ডি পি এস সি র চেয়ারম্যানকে। সোমবার স্কুল ছুটির পর অনৈতিক ট্রান্সফারের বিরুদ্ধে কয়েকশত শিক্ষক জমায়েত হয়। বালুরঘাট ডি পি এস সি তে। এদিন শিক্ষক নেতা শংকর ঘোষ বলেন গত ১৩ মার্চ সন্ধ্যায় বর্তমান চেয়ারম্যান কোন রিতি নীতি না মেনে অনৈতিক ভাবে কিছু শিক্ষকের ট্রান্সফার অর্ডারের তালিকা করে প্রকাশ করেন। নেতৃত্ব বলেন ছাত্র শিক্ষক অনুপাত না মেনে এই ট্রান্সফার অর্ডার করা হয়েছে এবং সম্প্রতি ভোট ঘোষণা হওয়ায় এই সব শিক্ষকদের ক্ষেত্রে পরবর্তীতে প্রমোশন এবং অবসর কালে সমস্যা ঘটতে পারে। বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। এদিন প্রতিবাদে শিক্ষকগন ডি পি এস সি র সামনে জাতীয় সড়ক বেশ কিছুক্ষন অবরোধ করে রাখেন। পরবর্তীতে জেলা শাসকের দপ্তরে এসে একটি ডেপুটেশন কপিও জমা দেন যৌথ ভাবে শিক্ষক সমিতির পক্ষ থেকে।

