বালুরঘাটে কংগ্রেসের পথ অবরোধ, প্রধানমন্ত্রীর সভার প্রতিবাদে বিক্ষোভ।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা ব্রিগেড সমাবেশ ও সরকারি কর্মসূচির প্রতিবাদে শনিবার বালুরঘাট স্টেট বাসস্ট্যান্ড এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হল জেলা কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি গোপাল দেব-এর নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকেরা এই কর্মসূচিতে অংশ নেন।
এদিন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জড়ো হয়ে কংগ্রেস কর্মীরা স্লোগান দিতে থাকেন এবং কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন। এর ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভ কর্মসূচি থেকে গোপাল দেব অভিযোগ করেন, দেশে এলপিজি সহ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি জেলায় এলপিজি সিলিন্ডারের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় সাধারণ মানুষকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, মূল্যবৃদ্ধি ও এলপিজি সংকটের প্রতিবাদেই এই আন্দোলন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন।
জানা গেছে, এই কর্মসূচি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির ডাকে সংগঠিত হয়। সেই ডাকে সাড়া দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক সহ রাজ্যের নানা জায়গাতেও একই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

