কাজের দাবিতে কালনায় বিডিও অফিসের সামনে স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের ধর্না।

কালনা, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলার কালনা-র ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিস চত্বরে ধর্নায় বসলেন স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা। সিঙ্গারকোনে অবস্থিত বিডিও অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তাঁরা সকলেই কাটিং ও স্টিচিং (সেলাই) প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু তাঁদের সম্পূর্ণ কাজ না দিয়ে বাইরে থেকে মালপত্র কিনে কেটে এনে শুধু সেলাইয়ের কাজ দেওয়া হচ্ছে। তাঁদের দাবি, কাটিং থেকে শুরু করে স্টিচিং—সমস্ত কাজই তাঁরা দক্ষতার সঙ্গে করতে সক্ষম। অথচ সেই সুযোগ তাঁদের দেওয়া হচ্ছে না।
তিনটি গ্রাম পঞ্চায়েতের স্বয়ংবর গোষ্ঠীর সদস্যারা এই ধর্নায় অংশ নেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না কালনা ২ নম্বর ব্লকের বিডিও তাঁদের কাজ দেওয়ার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছেন, ততক্ষণ তাঁদের ধর্না আন্দোলন চলবে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *