বেলুড় ভাগাড়ে ভয়াবহ আগুন, উৎসবের দিনে আতঙ্ক।
হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- আজ বেলুড় এলাকার ভাগাড়ে দুপুরবেলায় হঠাৎই ভয়ঙ্কর আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ, যা নিকটবর্তী জনবসতিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য হয়ে ওঠে চরম ভোগান্তির কারণ।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে ধোঁয়া ও দূষণ ছড়িয়ে পড়লে শ্বাসকষ্ট, অ্যালার্জি-সহ নানা রোগের প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক।
ঘটনাস্থলে পৌঁছে যায় নিশ্চিন্দা থানা-র পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ভাগাড়ে মাঝে মধ্যেই এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে এসে আশ্বাস দেন, কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরবর্তীতে আবারও একই সমস্যা দেখা দেয় বলে অভিযোগ বাসিন্দাদের।
উৎসবের দিনে এমন ঘটনা স্বাভাবিকভাবেই এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে—স্থায়ী সমাধান কবে?

