নাজিরপুর-এর দাশুল বুথ এলাকায় বীজতলা নষ্টের অভিযোগ।
নাজিরপুর, নিজস্ব সংবাদদাতা : – নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দাশুল বুথ এলাকায় রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে এক কৃষকের জমিতে নাশকতার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মণ্ডলের কর্মী উত্তম সরকারের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাঁর চাষের জমিতে লাগানো বীজতলা নষ্ট করে দেওয়া হয়েছে। অভিযোগ, অজ্ঞাত দুষ্কৃতীরা রাতে ঘাস মারার বিষ প্রয়োগ করে জমির ফসল নষ্ট করে দেয়। এতে ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক, যার জীবিকার প্রধান ভরসা ছিল এই জমি। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত উত্তম সরকার প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযুক্তদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।

