জনগণের মতামতই পথনির্দেশ—গঙ্গারামপুরে বিজেপির জনসংযোগ কর্মসূচি।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জনগণের মতামতের ভিত্তিতে ২০২৬ সালে একটি শক্তিশালী ও জনমুখী বিজেপি সরকার গঠনের লক্ষ্যে আজ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে এক গুরুত্বপূর্ণ জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে বিজেপি নেতৃত্ব পথচলতি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা জানতে উদ্যোগী হন।
জনগণের দৈনন্দিন সমস্যা, উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক প্রশাসনিক বিষয় নিয়ে সাধারণ মানুষের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন বিজেপি নেতৃত্ব। মানুষের মতামতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক দিশা নির্ধারণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান নেতৃত্ব।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি মাননীয় শ্রী স্বরূপ চৌধুরী মহাশয়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও মণ্ডল স্তরের একাধিক বিজেপি নেতৃত্ব ও কর্মীবৃন্দ। তাঁরা সকলেই সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং আগামী দিনে জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এই কর্মসূচির মাধ্যমেu বিজেপি যে সরাসরি জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে চায়, তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

