গড়বেতা শহরে বইমেলার শুভ উদ্বোধন- প্রদীপ প্রজ্জ্বলনে সূচনা, উদ্বোধন করলেন বিধায়ক উত্তরা সিংহ হাজরা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে বইমেলা কমিটির উদ্যোগে রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হল এবছরের বইমেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করা হয়। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। তিনি বইমেলার শুভ উদ্বোধন করে বলেন, “বই মানুষের মননশীলতা বাড়ায় এবং নতুন প্রজন্মকে আলোর পথ দেখায়।”
এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গড়বেতা ব্লকের বিডিও রামজীবন হাঁসদা, গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার চঞ্চল সিংহ, এলাকার বিশিষ্ট সমাজসেবী অসীম সিংহ রায়, মিঠু পতিহার সহ বইমেলা কমিটির অন্যান্য সদস্যরা।
বইমেলাকে ঘিরে শহরজুড়ে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ে। পাঠক-পাঠিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ভিড়ে বইমেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে। উদ্যোক্তাদের আশা, এবছরের বইমেলা গড়বেতা শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন মাত্রা যোগ করবে।

