বিচারক আবাসনে একা থাকতেন অজয় রাজ স্যাংডেন, সকালে মিলল নিথর দেহ।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট আদালতের বিচারকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বিচারক আবাসনে। মৃত বিচারকের নাম অজয় রাজ স্যাংডেন। বয়স আনুমানিক ৫০ বছর। বাড়ি দার্জিলিং। তিনি বালুরঘাট জেলা আদালতের লিভ রিজার্ভ অফিসার ছিলেন।তিনি বালুরঘাটে বিচারক আবাসনের একতালার একটি ফ্লাটে একাই থাকতেন। পরিবার দার্জিলিং এ রয়েছে।
এদিন সকালে তাঁর কেয়ার টেকার দরজায় দীর্ঘক্ষণ কড়া নেড়েও, সাড়া না পেয়ে, অন্যান্যদের ডাক দেন। অবশেষে বালুরঘাট থানার পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পায়। পুলিশের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে। যদিও, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে, মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

