মোদি সফরের প্রাক্কালে মালদহে বড় সাফল্য পুলিশের, উদ্ধার পাইপগান ও কার্তুজ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— প্রধানমন্ত্রীর জেলা সফরের আগে মালদহে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশি তৎপরতায় গ্রেপ্তার এক যুবক। ঘটনায় মালদহের রতুয়া থানার সামসী ফাঁড়ির পুলিশ সফলতা পেয়েছে। সামসী রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে এই যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রধানমন্ত্রীর জেলা সফরের আগে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত যুবকের নাম উসতম রায়(২৬)। মালদা শহরের ঝলঝলিয়া এলাকার বাসিন্দা। উদ্ধার হয়েছে ২টি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ ।প্রধানমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে সর্বত্রই কড়া নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের। সামসী রেল স্টেশনের দিক থেকে একটি ব্যাগে ঘাড়ে করে এই যুবক বৃহস্পতিবার গভীর রাতে পায়ে হেঁটে যাচ্ছিলেন। প্রধানমন্ত্রীর সফরকেকে কেন্দ্র করে যখন পুলিশ জোরদার নিরাপত্তা চালাচ্ছে ঠিক কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে আসে এই যুবক। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের সন্দেহ হয়। তৎপরতার সাথে পুলিশ তার ব্যাগ খুলে দেখতে বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র ও গুলি। তারপরেই পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান, ভিন রাজ্য থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসে জেলায় কোন প্রান্তে ছড়িয়ে দেওয়ার ছক ছিল। ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

