ফরেস্ট কলোনিতে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজা সহ চার পাচারকারী ধরা পড়ল।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নতুন বছরের শুরুতেই বড় সাফল্য পেল ফালাকাটা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ফালাকাটা শহরের ফরেস্ট কলোনি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে মোট ৩৩.৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তিনটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ। মঙ্গলবার ধৃত চারজনকে আলিপুরদুয়ার জেলা আদালতে চালান করা হয়েছে বলে জানিয়েছেন ফালাকাটা থানার আইসি প্রশান্ত বিশ্বাস। গোটা চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

