বকেয়া ডিএ ও বেতন বৈষম্যের দাবিতে সরব সেটেলমেন্ট কর্মচারীরা, রায়গঞ্জে জেলা সম্মেলন।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রায়গঞ্জের অরবিন্দ ভবনে আজ অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতির ৬৬-৬৭তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন। বকেয়া ডিএ, শূন্যপদে নিয়োগ ও বেতন বৈষম্যের মতো একাধিক দাবিকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন সমিতির নেতৃত্ব।

আজ ২৭ ডিসেম্বর, শনিবার সকাল ১০টায় অরবিন্দ ভবনে পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। শোকপ্রস্তাবের মাধ্যমে প্রয়াত সহকর্মীদের শ্রদ্ধা জানানো হয়।
সম্মেলনে কর্মীদের দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়। সরকারি দপ্তরে শূন্যপদ পড়ে থাকা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ন্যূনতম বেতন না মেলার অভিযোগ তুলে সরব হন কর্মীরা।
“দীর্ঘদিন ধরে আমাদের ডিএ বকেয়া। প্রচুর শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না। অনেক কর্মী মাত্র ৫০০০ টাকা বেতনে কাজ করছেন, যা সুপ্রিম কোর্টের নির্দেশেরও কম। এই বঞ্চনার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি।”
জেলা সম্পাদক জানান, আগামী ১৬ থেকে ১৮ জানুয়ারি কোচবিহারে অনুষ্ঠিত হবে সমিতির রাজ্য সম্মেলন। রায়গঞ্জের এই জেলা সম্মেলন থেকেই রাজ্য সম্মেলনের প্রতিনিধি নির্বাচন ও আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি স্থির করা হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৌমেন দত্ত, সহ-সম্পাদক স্বরূপ মৈত্র সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *