পার-পতিরামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বালুরঘাট মহকুমার ৪১তম প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার অন্তর্গত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্রগুলির যৌথ উদ্যোগে ৪১তম বার্ষিক প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল পার-পতিরাম ফুটবল মাঠে।
অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্ট অতিথিদের বরণ, জাতীয় পতাকা উত্তোলন ও ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠের মাধ্যমে। এরপর মাঠ পরিক্রমা, শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ানো, পুতাগ্নি প্রজ্বলন এবং পুনরায় মাঠ পরিক্রমা শেষে পুতাগ্নি প্রতিস্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সম্পন্ন হয়। সুসজ্জিত মাঠ ও শৃঙ্খলাবদ্ধ আয়োজন অনুষ্ঠানের গাম্ভীর্য আরও বৃদ্ধি করে।
অনুষ্ঠানে প্রধান ও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সন্তোষ হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, জেলা বিদ্যালয় পরিদর্শক আবুল হাসান, RTO বোর্ড সদস্য মফিজুদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজসেবী মৃণাল সরকার, আইনজীবী সুভাষ চাকি, সমাজসেবী প্রীতম রাম মন্ডল সহ বালুরঘাট মহকুমার বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
জেলার অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা SIR সংক্রান্ত কাজে যুক্ত থাকা সত্ত্বেও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বালুরঘাট মহকুমা ক্রীড়া কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ মোহন্ত ও গৌতম সরকার তাঁদের নিরলস পরিশ্রমে ক্রীড়া প্রতিযোগিতাকে সুশৃঙ্খল ও প্রাণবন্ত রূপ দিতে সক্ষম হন। মাঠ সজ্জা ও সার্বিক ব্যবস্থাপনা সকলের প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সন্তোষ হাঁসদা জানান, আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর গঙ্গারামপুর স্টেডিয়ামে জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার প্রতিভাবান ক্রীড়াবিদরা ভবিষ্যতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করবে।
উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মতে, ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *