বাল্যবিবাহ ও শিশু পাচার রুখতে বালুরঘাটে প্রশাসনিক উদ্যোগ, সচেতনতায় জোর।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বাল্যবিবাহ, শিশু পাচার ও শিশুশ্রম রোধে মঙ্গলবার এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় বালুরঘাট শহরের বালুছায়া সভাগৃহে। জেলা পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিচারক মানস বসু, জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিনময় মিত্তাল সহ একাধিক প্রশাসনিক কর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। জেলার বিভিন্ন এলাকায় শিশু সুরক্ষায় প্রশাসন ও স্টেকহোল্ডাররা কী ধরনের ভূমিকা নিচ্ছেন, তা তুলে ধরা হয় সভায়। পাশাপাশি কী কী ভুলভ্রান্তি রয়েছে এবং ভবিষ্যতে আরও কী কী কর্মসূচি গ্রহণ করা যেতে পারে, তা নিয়েও বিশদ আলোচনা হয়। শিশু অধিকার রক্ষায় জেলার সর্বস্তরের মানুষকে আরও বেশি সচেতন করতে হবে — এমন বার্তাই উঠে আসে আলোচনায়। প্রশাসনের পক্ষ থেকেও এই ধরনের বিষয়ের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

