পশ্চিম মেদিনীপুর জেলার ‘রেলশহর’ খড়্গপুরের একটি রেল কোয়ার্টার থেকে উদ্ধার যুগলের মৃতদেহ!
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– পশ্চিম মেদিনীপুর জেলার ‘রেলশহর’ খড়্গপুরের একটি রেল কোয়ার্টার থেকে উদ্ধার যুগলের মৃতদেহ! বিছানার উপর পড়ে স্ত্রী-র গলাকাটা রক্তাক্ত মৃতদেহ। পাশে ঘুমিয়ে ৩ বছরের কন্যাসন্তান। লোহার সিঁড়ি থেকে ঝুলছে স্বামীর মৃতদেহ! হাড়হিম করা এমনই ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের ১৫নং ওয়ার্ডের জয়হিন্দনগর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রেই জানা গেছে, মৃত স্ত্রী-র নাম দীপা মাহাত , যার বয়স আনুমানিক ২৬ বছর এবং স্বামীর নাম বিক্রম পুত্তা, যার বয়স আনুমানিক ৩৭ বছর। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণেই রবিবার রাতে স্ত্রী-কে খুন করে নিজেও আত্মঘাতী হয়েছেন পেশায় ড্রাইভার স্বামী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব বলেও জানিয়েছেন তদন্তকারী এক পুলিশ আধিকারিক।

