ঝাঝরা গ্রামের বাসীন্দারা পথ অবরোধ ও বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রামের গোডাউন তৈরি এবং গ্রামীণ রাস্তায় গোডাউনের ভারী ভারী যানবাহন চলাচলের প্রতিবাদে জোরদার আন্দোলন করলেন পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঝাঝরা গ্রামের বাসীন্দারা। আন্দোলনের অঙ্গ হিসেবে পথ অবরোধ ও বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন সোমবার। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হল ঝাঁঝরা মোড় ১২নং জাতীয় সড়কে এবং পুরাতন মালদা বিডিও অফিসে। জানা গেছে, পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঝাঁঝরা গ্রামের মূল রাস্তাটি ১২নং জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত রয়েছে। সেই কারণে এই গ্রামে দীর্ঘদিন আগে ব্যক্তি মালিকানায় একাধিক গোডাউন তৈরি হয়েছে। সেই সমস্ত গোডাউনের মালপত্র বহনের জন্য গ্রামের রাস্তায় প্রায় সর্বক্ষণ ভারী ভারী যানবাহন চলাচল করে। ফলে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীদের চলাচল করতে সমস্যা হয়। তারমধ্যে নতুন করে আরও একটি গোডাউন তৈরি হচ্ছে ঝাঁঝরা গ্রামে। যা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তারা গ্রামের মধ্যে গোডাউন তৈরি ও গোডাউনের ভারী ভারী যানবাহন চলাচলের প্রতিবাদ জানিয়ে প্রথমে ১২নং জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে মালদা থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা পুরাতন মালদা বিডিও অফিস ঘেরাও করেন এবং গ্রামের মধ্যে গোডাউন তৈরি এবং ভারী ভারী যানবাহন চলাচল বন্ধের দাবীতে জোরদার বিক্ষোভ দেখান। (বাইট গ্রামবাসী) এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেঁজুতি পাল মাইতি জানান, গ্রামবাসীরা তার কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। তিনি গ্রামবাসী এবং গোডাউন মালিক উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

