যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা সরকারের ভুলের কারণে চাকরি হারিয়েছেন তারা নিজেদের প্রতিবাদের ভাষা ও জানাতেও পারছেন না : খড়গপুর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আরজিকর ইস্যুতে সংগঠিত আন্দোলনকে যেভাবে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করেছিল সরকার ঠিক একইভাবে শিক্ষকদের আন্দোলনকেও ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। এটা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা সরকারের ভুলের কারণে চাকরি হারিয়েছেন তারা নিজেদের প্রতিবাদের ভাষা ও জানাতেও পারছেন না। রবিবার দলীয় কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন খর্গপুরের কৌশল্যা থেকে চাঁদমারি পর্যন্ত অপারেশন সিন্দুরের সাফল্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাতে একটি মিছিলে পা মেলান দিলীপ ঘোষ। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ সদ্য প্রকাশিত হওয়া তৃণমূলের সাংগঠনিক তালিকা কে কটাক্ষ করে বলেন তৃণমূলে আদি নব্য একটা দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে। দিদিমণি চাইছেন পুরনোদের ফিরিয়ে আনতে কিন্তু নতুনরাও নিজের জায়গা ধরে রাখার লড়াইয়ে নেমেছে। নতুন পুরনো এই লড়াই এদের চলতেই থাকবে।
এর পাশাপাশি সম্প্রতি মেদিনীপুর শহরে রেলের জায়গা জবরদখল করে গড়ে ওঠা বস্তির মানুষদের উচ্ছেদের নোটিশকে ঘিরে যে আন্দোলন শুরু হয়েছে সেই প্রসঙ্গে দিলীপবাবু বলেন রেল তার জায়গায় যেকোনো সময় কিছু করতেই পারে যারা দখল করে রয়েছেন তাদের উঠে যেতে হবে এটাই স্বাভাবিক। এইসব ব্যাপারে দেখছি অনেকেই বিপ্লবীর ভূমিকায় নামতে চাইছে। আজকের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সমিত মন্ডল, প্রাক্তন সভাপতি সুদাম পন্ডিত, বিজেপি নেতা মনোজ দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *