বিকাশ ভবনের সামনে পুলিশের লাঠিচার্জ ও হেনস্তার ঘটনার প্রতিবাদে শুক্রবার বালুরঘাট শহরে সংগঠনের পক্ষ থেকে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ : শিক্ষাক্ষেত্রে যোগ্য ও প্রশিক্ষিত কর্মীদের উপর বারবার প্রশাসনিক নিপীড়নের বিরুদ্ধে এবার রাস্তায় নামল অল ইন্ডিয়া ডিএসও (AIDSO)। বিকাশ ভবনের সামনে পুলিশের লাঠিচার্জ ও হেনস্তার ঘটনার প্রতিবাদে শুক্রবার বালুরঘাট শহরে সংগঠনের পক্ষ থেকে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।
বালুরঘাট থানা মোড় চত্বর থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল, যা শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে। মিছিল থেকে উঠেছে ‘শিক্ষার অধিকার রক্ষা করো’, ‘যোগ্য শিক্ষাকর্মীদের নিঃশর্ত নিয়োগ করো’, ‘পুলিশি বর্বরতার জবাব চাই’—এই ধরনের বিভিন্ন স্লোগান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা নীতির নামে বঞ্চিত করা হচ্ছে হাজার হাজার প্রশিক্ষিত শিক্ষাকর্মীকে। দাবি আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের জবাবে পুলিশি দমননীতি গ্রহণ করা হচ্ছে। বিকাশ ভবনের ঘটনার প্রতিবাদে বালুরঘাটেও চাঞ্চল্য ছড়ায়, কারণ এখানকারও বহু পড়ুয়া ও প্রশিক্ষিত চাকরিপ্রার্থী সেই আন্দোলনের সঙ্গে জড়িত।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে AIDSO-র জেলা নেতৃত্ব ঘোষণা করেছেন, আগামী ১৯ মে রাজ্যব্যাপী ছাত্র ধর্মঘট পালন করবে সংগঠন। ধর্মঘটের দিন কলেজ-বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের পথে নামার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের দাবি, শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নয়, গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে ছাত্রসমাজকে এবার ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সংগঠনের এক মুখপাত্র বলেন, “এই যে প্রশিক্ষিত শিক্ষাকর্মীদের প্রতি বঞ্চনা ও পুলিশি জুলুম, তা মেনে নেওয়া যায় না। AIDSO ছাত্রসমাজের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চায়—এই নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নামতে আমরা প্রস্তুত।”
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন জেলার ছাত্র ও যুব প্রতিনিধিরা, এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাও সংহতি জানান। শহরজুড়ে মিছিল ঘিরে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো, যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

