সপরিবার আত্মহত্যা, পুলিশ এসে দরজার তালা ভেঙে এদের মৃতদেহ উদ্ধার করে।
হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- দেনার দায়ে পাওনাদারদের ক্রমাগত চাপে পড়ে সপরিবার আত্মহত্যা করলেন একই পরিবারের তিনজন। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার দক্ষিণপল্লী এলাকায়।শনিবার সন্ধ্যায় পুলিশ এসে দরজার তালা ভেঙে এদের মৃতদেহ উদ্ধার করে। মৃতেরা হলেন ছেলে শুভময় ঘোড়ুই, মা নাম শেফালী ঘোড়ুই এবং দিদি সঙ্গীতা ঘোড়ুই। স্থানীয় সূত্রে জানা গেছে, সংগীতা প্রতিবন্ধী। বাজারে প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল শুভময়ের। এই কারণে মানসিক চাপে ছিল। পাওনাদারদের চাপ বাড়ছিল। পুলিশের অনুমান, এই কারণেই খুব সম্ভবত কীটনাশক খেয়ে তারা আত্মহত্যা করে। শুভময় একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলেও অভিযোগ। সেই কারণে অনেক দেনা হয়েছিল বলেও অনুমান। এদিন সকালে শুভময়ের ভাগনা এসেছিল। পাওনাদাররা আসতে পারে শুনে তাদের কথামতো ভাগনা বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। ঘরের ভিতর দিয়েও তালা লাগানো ছিল। দুপুরের পর থেকে এদের পরিবারের কাউকেই আর দেখা যায়নি বলে প্রতিবেশীরা জানিয়েছেন। সন্ধ্যে নাগাদ ঘটনাটি জানাজানি হয়। বাঁকড়া আউটপোস্টের পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

