শতাব্দী প্রাচীন পরম্পরায় মাতল ধূপগুড়ি, বড়কালী মায়ের শোভাযাত্রায় কয়েক হাজার ভক্ত।

ষধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- শতাব্দী প্রাচীন পরম্পরা আর অটুট বিশ্বাসকে পাথেয় করে ধূপগুড়ির কালীরহাটের বড়কালী মায়ের বাৎসরিক পুজোর মহোৎসব শুরু হলো। এদিন ধূপগুড়ি ডাকবাংলো ময়দান থেকে শুরু হয় মায়ের ঐতিহ্যবাহী ‘হাট ঘোরানো’ শোভাযাত্রা। কয়েক হাজার পুণ্যার্থীর অংশগ্রহণে এই শোভাযাত্রা শহর ছাড়িয়ে গ্রামের অলিতে-গলিতে ছড়িয়ে পড়ে। ডাকবাংলো থেকে শুরু হয়ে ধূপগুড়ির প্রধান রাজপথগুলি পরিক্রমা করে শোভাযাত্রাটি শেষ হয় কালীরহাট মন্দির প্রাঙ্গণে।

উত্তরবঙ্গের অন্যতম জাগ্রত এই মন্দিরকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রা শেষে সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পূজা কমিটি সূত্রে জানা গেছে, আগামী ৩০শে মাঘ (১৩ই ফেব্রুয়ারি) বড়কালী মায়ের মূল পুজো অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে। মানত পূরণের উদ্দেশ্যে এবারও পুজোর দিনে প্রায় এক হাজারেরও বেশি পাঁঠা এবং কয়েক হাজার পায়রা বলি দেওয়ার প্রথা পালিত হবে।
মন্দির কমিটির সদস্য উত্তম রায় জানান, “বড়কালী মা অত্যন্ত জাগ্রত। মন থেকে ডাকলে মা কারও প্রার্থনা ফিরিয়ে দেন না।” এই টানেই কেবল উত্তরবঙ্গ বা পার্শ্ববর্তী জেলা নয়, সুদূর বাংলাদেশ এবং নেপাল থেকেও প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে ছুটে আসেন। বর্তমানে মন্দির চত্বরে প্রতিমা নির্মাণের কাজ এবং মেলার প্রস্তুতি যুদ্ধকালীন তৎপরতায় চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *